দরজায় কড়া নাড়ছে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারই পূজার কয়েকমাস আগে থেকেই প্রতিমা তৈরির ধুম পড়ে উত্তর কলকাতার কুমোরটুলিতে। পূজা ঘনিয়ে আসায় শেষ মূহুর্তে রঙ-তুলির আঁচড়ে দেবীকে ফুটিয়ে তুলতে দিন- রাত এক করে কাজ করছেন কারিগররা।
নিজ চোখে কারিগরদের কাজ দেখতে কুমোরটুলির অলিতে- গলিতে এখন দেশি- বিদেশি পর্যটক ও সেলফিপ্রেমীদের ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, প্রতিমাশিল্পীদের তুলনায় সেলফিপ্রেমীদের সংখ্যাই বেশি। ক্যামেরার লেন্সে শিল্পীদের কর্মযজ্ঞ ফ্রেমবন্দি করছেন আগতরা। আসছেন বিদেশি পর্যটকরাও।
পর্যটকরা জানান, তারা ঠাকুরের সঙ্গে ছবি তুলেন, ঠাকুর বানাচ্ছে তাদের সঙ্গেও ছবি তুলেন। এ ছবি তারার ফেসবুক বা ইন্সটাগ্রামে পোস্ট করবেন।
তবে সেলফিপ্রেমীদের এই বাড়তি ভিড় ব্যাঘাত ঘটাচ্ছে শিল্পীদের কাজে। অনেক স্থানে পর্যটকদের ভিড় আটকাতে পর্দা টানিয়ে চলছে দুর্গার প্রতিমা নির্মাণ। কোথাও আবার পোস্টার লাগিয়ে সেলফিপ্রেমীদের ছবি না তোলারও অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা!
প্রতিমাশিল্পীরা জানান, তারা ছবি না তোলার জন্য বার বার অনুরোধ করছেন।
দুর্গাপূজার মৌসুমে ছোট বড় মিলিয়ে কয়েক হাজার ঠাকুর তৈরি হয় কুমোরটুলিতে। ফলে বছরের এই সময়টায় রাস্তার দুই ধারে সারি করে ছোট- বড় প্রতিমা নির্মাণ করেন প্রতিমাশিল্পীরা। স্বাভাবিকভাবে রাস্তা সংকুচিত হওয়ায় এই সময়ে হাঁটা-চলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। তার সঙ্গে সেলফিপ্রেমীদের অতিরিক্ত এই ভিড় যোগ করেছে নতুন ভোগান্তি।





