সামান্য মশার কামড়েই শক সিন্ড্রোম, বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানি

মশা নিধনে ওষুধ দেয়া হচ্ছে
মশা নিধনে ওষুধ দেয়া হচ্ছে | ছবি: এখন টিভি
0

কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর। গতকাল (বুধবার, ৭ অক্টোবর) ও নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই প্রিয় মানুষকে হারাচ্ছে অনেক পরিবার। সামান্য মশার কামড়ে এক দু’দিনের জ্বরেই শক সিন্ড্রোমে চলে যাচ্ছেন আক্রান্তরা। আর এতেই বাড়ছে প্রাণহানি। তবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, ডেঙ্গুর প্রকোপ যতটা হওয়ার আশঙ্কা ছিলো, সে তুলনায় কমই হচ্ছে। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুর ধরণ পরিবর্তন হওয়ায় রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

বৃষ্টি ঘরানি বলেন, ‘আমাদের ভালোবাসার কোনো কমতি নাই। সে আমাকে একটু বেশি ভালোবাসে।’

প্রিয় মানুষটা নিয়ে এই প্রত্যাশা চিকিৎসক বৃষ্টি ঘরানির। আর মাত্র কয়েকটা দিন। তারপর বসার কথা ছিলো বিয়ের পিঁড়িতে। তবে ডেঙ্গুতে স্বপ্নের সেই সিঁড়ি পেরুতে দেয়নি। কেড়ে নিয়েছে বৃষ্টির প্রাণ।

বৃষ্টির মত প্রতিদিনই ডেঙ্গুর প্রকোপে প্রাণ হারাচ্ছে কেউ না কেউ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ২৮১ জনের প্রাণ গেছে। যা ২৬ বছরে ডেঙ্গুতে বার্ষিক মৃত্যুর হিসাবে তৃতীয় সর্বোচ্চ।

প্রশ্ন হলো কেন বাড়লো ডেঙ্গুর প্রকোপ আর কেনই বা নিয়ন্ত্রণের বাইরে গেল?

১৪ বছর ধরে ডেঙ্গু ওয়ার্ডে কর্মরত নার্স শারমিন আক্তারের দাবি, ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে বেশিরভাগই হাসপাতালে আসেন ক্রিটিকাল পর্যায়ে। অর্থাৎ চিকিৎসার সুযোগ কমে আসে।

নার্স শারমিন আক্তার বলেন, ‘রোগীরা যখন আক্রান্ত হয় তখন তারা আসে না। তারা আসে একেবারে শেষ সময়ে তখন আর চিকিৎসা দিয়েও কোনো লাভ হয় না।’

গুরুতর রোগীদের ক্ষেত্রেও উদাসিনতার অভিযোগ আছে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে। কিছু কিছু হাসপাতালে সেবা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুন

চিকিৎসকদের দাবি, সচেতনতা অভাবেই জন্যই বাড়ছে মৃত্যু হার। আছে সমন্বিত সচেনতার অভাবও। আর বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অভাব ছিলো দায়িত্বরত দের। মানহীন ডেঙ্গু নিধন উপকরণ ও প্রতিরোধ ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির কারণে ভুগছে জনগণ।

সোহরাওয়ার্দী হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আহমেদ মনজুরুল আজিজ ইমন বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে তার জন্য আসলে জনসচেতনতা দরকার। কেননা কি করতে হবে তা জানা দরকার।’

নগর পরিকল্পনাবিদ ও পরিবেশকর্মী ইকবাল হাবিব বলেন, ‘সিটি করপোরেশনের সমন্বিত কর্মধারা ছাড়া জনসচেতনতা বাড়ানো সম্ভব না।’

অন্যদিকে মাঠ পর্যায়ের চিত্র যখন ভয়াবহ, তখন ডেঙ্গুর প্রকোপ যতখানি হওয়ার আশংকা ছিলো, তার তুলনায় কম হচ্ছে বলে দাবি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা ঢালাওভাবে বলা যাবে না। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচিত সরকার হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। যতটা আক্রন্ত হওয়ার কথা ছিলো বর্তমানে তার চেয়ে কম আছে।’

মানহীন মশা নিধন কীটনাশক ব্যবহারের অভিযোগের মুখে সিটি করপোরেশনের দাবি, ৯৯ দশমিক কার্যকারিতা আছে মশক নিধনে ব্যবহারে কীটনাশকের।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘সিটি করপোরেশন মশা নিধন করার জন্য যা ব্যবহার করছে তা ৯৯ দশমিক কার্যকারিতা রয়েছে।’

দায়সারা বক্তব্য নয়, করোনা মহামারির মত, উচ্চ সতর্কতা জারি রেখে এখনই এ সংকট মোকাবিলার তাগিদ বিশেষজ্ঞদের। অন্যথায় বড় ঝুঁকিতে পড়বে জাতি।

জেআর