পদার্থবিদ্যায় সম্ভাব্য বিজয়ীদের তালিকায় মেটাম্যাটেরিয়ালস ব্যবহার করে আলোকে বাঁকিয়ে কোনো বস্তুকে অদৃশ্য করার কৌশল উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের বিজ্ঞানী জন বি পেনড্রি এবং মার্কিন গবেষক ডেভিড স্মিথের নাম জোরেশোরে আলোচনায় রয়েছে। এছাড়া একই ক্ষেত্রে কোয়ান্টাম ক্যাসকেড লেজার উদ্ভাবনে ভূমিকা রাখা ইতালীয়-মার্কিন বিজ্ঞানী ফেদেরিকো ক্যাপাসোও বিবেচনায় থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গ্রাফিনের দুটি স্তর বিশেষ কোণে ঘুরিয়ে অতিপরিবাহিতা বা সুপারকন্ডাক্টিভিটি তৈরির কৌশল ‘টুইস্ট্রনিক্স’ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে স্পেনের পাবলো হ্যারিলো-হেরেরো, কানাডার অ্যালান ম্যাকডোনাল্ড ও ইসরাইলের রাফি বিস্ত্রিৎজারের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে।
এদিকে গবেষণার উদ্ধৃতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্ল্যারিভেট জানিয়েছে, স্মার্টফোন ও টিভির পর্দায় কম বিদ্যুৎ খরচে উন্নত ছবির মান নিশ্চিতকারী ওএলইডি প্রযুক্তির বিকাশে অবদানের জন্য জাপানের চিহায়া আদাচি এবং যুক্তরাষ্ট্রের স্টিফেন আর ফরেস্ট ও মার্ক ই থম্পসন যৌথভাবে স্বীকৃতি পেতে পারেন।
এছাড়াও সার্ন-এর গবেষণাগারে কোল্ড অ্যান্টিহাইড্রোজেন পরমাণু নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানী জেফরি হ্যাংস্ট এবং কম্পিউটার ও ভিডিও কম্প্রেশনে ব্যবহৃত ওয়েভলেট তত্ত্বের জনকদের নামও বিশেষজ্ঞদের আলোচনায় রয়েছে।





