অর্ধযুগেও সংস্কার হয়নি সড়ক; দুর্ভোগে মানিকগঞ্জের হাজারো মানুষ

সড়কের বেহাল দশা
সড়কের বেহাল দশা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়াপার স্বপ্নপুরী থেকে দিয়াবাড়ি আশ্রয় প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক বেহাল। অর্ধযুগ আগে ইট বিছানো হলেও এরপর আর কোনো উন্নয়ন হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। বিশেষ করে বৃষ্টির দিনে বেড়ে যায় ভোগান্তি।

উপজেলার দিয়াপার স্বপ্নপুরী থেকে দিয়াবাড়ি আশ্রয় প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই এখন চলাচলের অনুপযোগী। প্রায় ছয় বছর আগে ইট বিছানোর পর আর কোনো উন্নয়ন কাজ হয়নি। বৃষ্টিতে কাদাপানি আর গর্তে দুর্ভোগ নিয়ে চলাচল করছেন পেঁয়াজচর, লেছরাগঞ্জ, দিয়াপারসহ ছয়-সাত গ্রামের হাজারো মানুষ। আর বৃষ্টির সময় দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ।

নিয়মিত যাতায়াত ছাড়াও সড়কের বেহাল দশার কারণে ভোগান্তি বাড়ছে অসুস্থ রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

বেহাল সড়কের কারণে পণ্য আনা-নেয়ায় বাড়তি টাকা গুনতে হচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে অসুস্থ রোগীকে হাসপাতালে নেয়া, পণ্য আনা-নেয়া এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও বাড়ছে ভোগান্তি। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তাদের। স্থানীয়রা জানান, রাস্তাটি ভালো না থাকায় যাতায়াতের সময় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় বলে জানান তারা।

মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি কার্পেটিং করার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই কাজ শুরু করা যাবে বলে জানান এ কর্মকর্তা।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রকৌশলী মো. শাহীনুজ্জামান বলেন, ‘যেহেতু এটি গুরুত্বপূর্ণ সড়ক, এলাকাবাসীর পক্ষ থেকেও আমাদেরকে এর আগে অবহিত করা হয়েছে। সেজন্যই আমরা রাস্তার প্রস্তাব পাঠিয়েছি। খুব শীঘ্রই এ রাস্তাটা হয়তো অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।’

বেহাল সড়কের কারণে দীর্ঘদিনের দুর্ভোগে কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দ্রুত উন্নয়নকাজ শুরু হলে এই ভোগান্তির অবসান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

জেআর