নেপালে যাত্রীবাহী বাস দুর্ঘটনা; নিহত ৬, আহত ১০

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় বিধ্বস্ত বাসের অংশবিশেষ
নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় বিধ্বস্ত বাসের অংশবিশেষ | ছবি: সংগৃহীত
0

নেপালের নাওয়ালপরাসি পূর্ব জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ (শনিবার, ৩ অক্টোবর ) পুলিশ এ তথ্য জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, ১৮ জন আরোহী নিয়ে বাসটি দেশটির পশ্চিমাঞ্চলীয় বাংকে জেলা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাওয়ালপরাসি পূর্ব জেলায় পৌঁছালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

জেলা পুলিশের মুখপাত্র অনিল পণ্ডিত জানান, আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চিতওয়ানের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ কর্মকর্তা অনিল পণ্ডিত বলেন, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এর জেরেই বাসটি সড়কের পাশের একটি রিটেইনিং ওয়ালে (সুরক্ষা প্রাচীর) সজোরে ধাক্কা খায়।

এএম