শেখ হাসিনার অবতরণে অনুমতির ‘বিকল্প ছিল না’: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী | ছবি: সংগৃহীত
0

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। ওই সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বাস্তবতা মেনে সাড়া দিতে হয়েছিল। আজ (শনিবার, ৩ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’–এর এক প্যানেল আলোচনায় এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শেখ হাসিনার ভারতে অবস্থান ও তাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ নিয়ে প্রশ্ন করা হয় হাইকমিশনারকে। জবাবে তিনি বলেন, ‘শেখ হাসিনা যখন ভারতে পৌঁছান, তখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ওই পরিস্থিতিতে ভারত কী করতে পারত? তাকে গ্রহণ না করলে বা অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী দাঁড়াত, তা বলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি।’ শেখ হাসিনা যে পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছিলেন, সেটিকে ‘মর্মান্তিক পরিস্থিতি’ উল্লেখ করে ত্রিবেদী বলেন, ‘এমন ঘটনা যেন বিশ্বের কোথাও আর না ঘটে।’

শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে হাইকমিশনার বলেন, ‘বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান। যেহেতু এর সঙ্গে আদালত সম্পৃক্ত, তাই কোনো সময়সীমা দেয়া সম্ভব নয়। বারবার ভারত সরকার এ বিষয়ে বলেছে—একটি প্রক্রিয়া রয়েছে। আর সেই প্রক্রিয়াটি আইনি ও সুসংগঠিত।’

ভারতের বিচারব্যবস্থা কার্যকর রয়েছে উল্লেখ করে দীনেশ ত্রিবেদী জানান, প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রত্যর্পণের বিষয়টি মোকাবিলা করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে ‘নিশ্চিত’ থাকতে বলেন তিনি।

এএইচ