কুষ্টিয়ায় ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা

জব্দ করা সার
জব্দ করা সার | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার কুমারখালীতে এক ইউনিয়নের সরকারি বরাদ্দকৃত সার অন্য ইউনিয়নে পাচারের সময় জব্দ করেছেন স্থানীয় কৃষকরা। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাউতি ভবানীপুর এলাকা থেকে ১০ বস্তা টিএসপি ও ১০ বস্তা ইউরিয়া সবমোট ২০ বস্তা সার জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত শিলাইদহ ইউনিয়নের বিসিআইসি ডিলার মো. মকবুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার।

আরও পড়ুন:

পরে জব্দ করা সার ন্যায্যমূল্যে উপস্থিত কৃষকদের কাছে বিক্রি করা হয়। অভিযোগ অনুযায়ী শিলাইদহ বাজারের ডিলার পয়েন্ট থেকে সারগুলো পলিথিনে ঢেকে খোকসার শোমসপুর বাজারের ব্যবসায়ী আব্দুল আলিমের দোকানে নেয়া হচ্ছিলো।

পথে কৃষকরা ভ্যানটিসহ সার আটক করে প্রশাসনকে খবর দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন জানিয়েছে, একই ডিলারকে গত ১৬ সেপ্টেম্বর নিয়ম অমান্যের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এসএস