স্থানীয় সূত্রে জানা গেছে, চরহেয়ারে পরিবারের অস্থায়ী বসতঘরের পাশে খেলাধুলা করছিল রাইসা। খেলাধুলার একপর্যায়ে সে একটি গর্তে হাত দিলে গর্তের ভেতরে থাকা কোনো প্রাণী তার হাতে কামড় দেয়। এতে শিশুটি চিৎকার করতে করতে মায়ের কাছে যায়।
পরে তার মা শিশুটির হাতে কামড়ের স্থান দেখতে পান এবং সাবান দিয়ে হাত ধুয়ে দেন। তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের উদ্দেশে রওনা হন। শহরে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
নিহত রাইসা মনি রাকিব মল্লিকের মেয়ে। তাদের মূল বাড়ি রাঙ্গাবালীর সেনের হাওলা গ্রামে। রাকিব মল্লিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয়দের ধারণা, শিশুটিকে সাপ কিংবা কোনো বিষাক্ত পোকামাকড় কামড় দিয়ে থাকতে পারে। তবে কী প্রাণী তাকে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।





