জানা যায়- শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে অটোরিকশা (সিএনজি) চালক ও বাস শ্রমিকদের মাঝে দ্বন্দ্ব হয়। এর জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাস চালক রুবেল হোসেন ও সুপারভাইজারকে মারধর করে অটোরিকশা (সিএনজি) চালকরা।
এতে গুরুত্বর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে। এর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যেতে দুর্ভোগে পড়তে হয়েছ। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষদের। এছাড়া বাড়তি সময়ও ব্যয় হচ্ছে।
বাস মালিক ও শ্রমিকরা জানান- সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত অটোরিকশা আঞ্চলিক সড়কে কোন যাত্রী পরিবহন করতে পারবে না। কিন্তু তারা এ নিয়মটি না মানার কারণে যাত্রী উঠানো নিয়ে মাঝেমধ্যে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের জেরে দুইদিন থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক মহাসড়কেও অটোরিকশা (সিএনজি) ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। দ্রুত সমস্যার সমাধান চান সাধারণ মানুষ।





