রাজশাহীতে টাকা ভাঙানো নিয়ে বিরোধ, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
1

টাকা ভাঙিয়ে না দেয়ায় রাজশাহীতে আবদুল বারী নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে পেট্রল বোমা মেরে পুড়িয়ে দেয়া হয় তার দোকান। গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় চন্ডিপুর এলাকার কয়েকজন বখাটে মাদক সেবন করতে বাকির মোড়ে আসে। তারা টাকা ভাঙাতে বারীর দোকানে যায়। বারী টাকা ভাঙাতে অপারগতা জানালে কথা কাটাকাটি শুরুহয়, এক পর্যায়ে হয় হাতাহাতি।

এর জেরে রাত পৌনে ২টার দিকে দেশিয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে হামলা চালায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল। প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় তারা।

আগুন দেখে বেরিয়ে আসেন বারী ও তার পরিবারের সদস্যরা। তখন ধারালো অস্ত্র দিয়ে বারীকে কুপিয়ে জখম করে হামলাকারীরা।গুরুতর আহত অবস্থায় বারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নিহতের মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে তা হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

জেআর