হয়তো জমি নিয়ে বিরোধের কারণে নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর: পুলিশ

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইসিবি চত্বরে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার।

মাহিদুল বলেছেন, ‘আমরা জানতে পেরেছি যে, গতকাল রাতের ঘটনায় কিছু লোক দলবদ্ধভাবে এসে এখানে ভাঙচুর করেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তারা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। রাতেই অপারেশন চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। আমরাদের আরও টিম কাজ করছে। আমরা আশা করি এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের আমরা আইনের আওতায় আনতে পারব।’

‘আপনার কি মনে হচ্ছে না রাজধানীটা একটা লুটের এবং দখলের শহরে পরিণত হয়েছে? নিউ গিনি, রাড্ডা হাসপাতাল… একের পর এক চলছেই’— এমন প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বললেন, ‘এখানকার যে ঘটনা, আমি এই ঘটনাটায় আমাদের পুরো টিম নিয়ে পরিদর্শনে এসেছি, তদন্ত করেছি। আমরা প্রতিটি ঘটনা ঘটলেই সেটি ইমিডিয়েটলি সেটা ডিটেকশন করেছি।’

হামলাকারীদের পরিচয় জানতে চাইলে মাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এখনও বিষয়টাই আন্ডার ইনভেস্টিগেশনে আছি। দলবদ্ধভাবে লোকজন এসেছে, সে কারণে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তিনজনের একজনের নাম হচ্ছে মামুন, তার বাড়ি গফরগাঁও। সে ভাসানটেক বস্তিতে থাকে। একজনের নাম আসলাম, তার বাড়ি টাঙ্গাইল। সে অটো চালায়। আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি, তার নাম মুন্না। সে ভাসানটেক বস্তিতে থাকে।’

আরও পড়ুন:

হামলার কারণ জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদ করে, হয়তো আরও তথ্য পেলে আপনাদের সুস্পষ্ট করে বলতে পারবো।

গ্রেপ্তারদের কাছ থেকে কি তথ্য পেয়েছেন জানতে চাইলে তিনি বললেন, ‘প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যেটা, এটা হচ্ছে একটা হাউজিং বিজনেস এবং এখানে এতগুলো লোক একসাথে আসা, দলবদ্ধভাবে এসেছে এবং রাতের বেলা; সে কারণে হয়তো জমিকে কেন্দ্র করে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে।’

বিবাদটা কার সঙ্গে কার সে বিষয়ে সুস্পষ্টভাবে কোনো তথ্য দিতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

সালমান মুক্তাদিরের কাছে চাঁদা চাওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বললেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই, কোনো চাঁদা বা কোনোকিছু নিয়ে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, এটা জমিকে কেন্দ্র করে বিবাদমান গ্রুপের মধ্যে হয়তো হতে পারে।’

শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনা ঘটে। সেখানে ইউটিউবার সালমান মুক্তাদিরে স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়।

এসএস