আগের ম্যাচেই অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মিশর। সেই ম্যাচে কোচ হোসাম হাসান আগেই মাঠ থেকে তুলে নেন সালাহকে।
কোচের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালাহ। সেখান থেকেই বিতর্কের শুরু। একাধিক বৈশ্বিক গণমাধ্যম মিশরীয় সাংবাদিকদের সূত্রে উল্লেখ করেছে, বিতর্ক এড়াতেই দক্ষিণ সুদান ম্যাচের আগে ক্যাম্প ছেড়ে দিয়েছেন সালাহ।
তবে, মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন বলছে ভিন্ন কথা। তাদের ভাষ্য, দক্ষিণ সুদানের বিপক্ষে ফারাওদের খেলতে হবে কৃত্রিম টারটান টার্ফের মাঠে। সেই মাঠে খেলা সালাহর জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই তাকে সরিয়ে রাখা হয়েছে ম্যাচ থেকে।
এ বিষয়ে আগেই সালাহর সঙ্গে মৌখিক চুক্তি হয়েছে বলেও উল্লেখ করেছে মিশর ফুটবল।





