কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ২৫৪

কিশোর গ্যাংবিরোধী অভিযান
কিশোর গ্যাংবিরোধী অভিযান | ছবি: সংগৃহীত
0

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) রাতে জেলার ১৮টি থানায় একযোগে অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়। কুমিল্লা নগরীসহ প্রতিটি থানা এলাকার কিশোরদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭৩ জনকে আদালতে পাঠানো হয়।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজনের কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর জেলায় কিশোর গ্যাং নিয়ে আলোচনা শুরু হয়। এরপর বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ।

এফএস