কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আতিয়ার শেখ জানান, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় মো. পরশ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মো. পরশ কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ২১১/এ। তার বাবার নাম মো. লিয়াকত। তবে কোনো মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেআর