ঐতিহাসিক ফুটবল স্টেডিয়াম ওল্ড ট্র্যাফোর্ডের স্মৃতি ঘরে রাখতে চান? মাত্র ১২৫ পাউন্ড খরচ করলেই আপনি পাবেন বিশেষ স্বচ্ছ প্লাস্টিকের কিউবের মাঝে সংরক্ষিত ওল্ড ট্র্যাফোর্ডের ৭ বাই ৭ সেন্টিমিটার ঘাস। ১৪ বছর পর মাঠে নতুন করে ঘাস বসানোর পর পুরোনো ঘাসকে এভাবেই আয়ের উৎসে পরিণত করছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শুনতে চমৎকার লাগলেও ঘাস বিক্রির এই উদ্যোগের আড়ালে রয়েছে বড় আর্থিক বাস্তবতা। ২০২৫-২৬ অর্থবছরে ইউনাইটেডের ট্যাক্স-পূর্ব লোকসান হয়েছে ৪৭ মিলিয়ন পাউন্ড। টানা সপ্তম বছর লোকসান গুনছে রেড ডেভিলরা। সব মিলিয়ে যা প্রায় ৪৪৪ মিলিয়ন পাউন্ড।
তবে আছে অন্য দিকও। এ সময় রেকর্ড ৬৭৭ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড রাজস্ব আয় করেছে ইউনাইটেড। পরিচালন খরচ কমিয়ে ২২ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করেছে ক্লাবটি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেয়েডে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ২ মিলিয়ন পাউন্ড। একই সময়ে নানা ক্ষেত্রে মিলিয়ে মোট ঋণের পরিমাণ প্রায় ৬৮৯ মিলিয়ন পাউন্ড।
মূলত নতুন করে ১ লাখ আসনের স্টেডিয়ামের পরিকল্পনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। যে কারণে ওল্ড ট্র্যাফোর্ডের পাশের জমি কিনতেই ব্যয় হয়েছে ৬৩ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড। পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় ছাড়াতে পারে ২ বিলিয়ন পাউন্ড।
ঘাস বিক্রি করে কিছু আয়ের পথ খোঁজা ইউনাইটেডের জন্য স্বস্তির খবর চ্যাম্পিয়ন্স লিগে ফেরা এবং নতুন স্পন্সরশীপ চুক্তি। যেখান থেকে বাড়তি রাজস্ব পাবে ক্লাবটি। ক্লাবের বিশ্বাস, আগামী ৭৪০ থেকে ৭৬০ মিলিয়ন পাউন্ড আয় করবে তারা। তবে আয় বাড়লেও ঋণ, সুদ এবং নতুন স্টেডিয়ামের বিনিয়োগের বিশাল আর্থিক চাপ সঠিকভাবে সামলানোই হবে রেড ডেভিলদের বড় পরীক্ষা।





