ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার ২

নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার ২
নিষিদ্ধ সিরাপসহ গ্রেপ্তার ২ | ছবি: সংগৃহীত
1

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৯০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

গতকাল (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালীতলা বাজার এলাকায় এসআরবি-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করেন। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

গ্রেপ্তারকৃতরা হলেন; পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিউর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন(৪২), দিনাজপুর জেলার বোচাগঞ্জ লোহাগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মাসুদ রানা(৪০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩) এর একটি দল রুহিয়া উপজেলার কালীতলা বাজারের মসজিদ সংলগ্ন পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওগামী পাকা রাস্তার ওপর চেকপোষ্ট পরিচালনা করে। এ সময় অবৈধ মাদকদ্রব্য ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ এবং দুইটি মোটরসাইকেল জব্দ করে। সেই সঙ্গে নিষিদ্ধ সিরাপ পরিবহণের অপরাধে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এফএস