আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় মাইজদী টাউন হল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা জেলা প্রশাসক বরাবর ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী পৌরসভা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, প্রশাসনিক ও জনবহুল এলাকা। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ পৌরসভার প্রধান সড়ক ব্যবহার করেন।
বর্তমানে প্রধান সড়কে প্রতিনিয়ত যানজট জনসাধারণ ও ব্যবসায়ীদের দুর্ভোগে ফেলেছে। সড়কের দুই পাশে অবৈধ ফুটপাত দখল, মালামাল ওঠা নামার কারণে সৃষ্ট যানজটে নষ্ট হচ্ছে কৃর্মঘণ্টা। তাই যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ এবং শহরের প্রধান সড়কের বিকল্প বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তারা।
এসময় নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম কিরন, সাধারণ সম্পাদক হাসানুল হাবীব, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ স্বপন সহ সর্বাধিক ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





