ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৪৬ ইনিংসে ২৫৩ উইকেট শিকার করেন মার্ক উড। এরমধ্যে ৩৮ টেস্টে নেন ১১৯ উইকেট। তবে উইকেটের চেয়েও গতির জন্যই বেশি বিখ্যাত ছিলেন উড।
ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গতির বোলার তিনি। দেশের হয়ে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০১৫ সালে জেতেন মর্যাদার অ্যাশেজ সিরিজও।
মঙ্গলবার সকালে অবসরের ঘোষণা দেয়ার পর স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে উড বলেন, গত দেড় বছর ধরে ইনজুরির সঙ্গে লড়তে লড়তে তিনি অনেকটাই ক্লান্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পর্যায়ে আর কখনো যেতে পারবেন না বলেও মনে করেন তিনি। জাতীয় দলকে বিদায় জানালেও, ডারহামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন মার্ক উড।





