আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকালে ইনজি উজমেজ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল আনাতোলিয়ান হাইস্কুলের বাইরে গুলি চালিয়ে পালিয়ে যায় এক বন্দুকধারী। পরে পুলিশ সন্দেহভাজন এক কিশোরকে আটক করে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, সন্দেহভাজন কিশোরের মা, বাবা ও দাদাকেও আটক করা হয়েছে। অস্ত্রটির মালিক তাঁর দাদা বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন কিশোরকে ফাঁকা রাস্তায় হাঁটার সময় একটি শটগান পরীক্ষা করতে দেখা যায়। পরে আরেকটি ফুটেজে তাকে অস্ত্র হাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে। সে ওই স্কুলের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।
হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তুরস্কের আইন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করার আগে কিশোরটিকে আদালতে হাজির করতে হবে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় পুরো দেশ এবং বিশেষ করে শিক্ষাঙ্গন গভীরভাবে মর্মাহত হয়েছে। ঘটনার তদন্তে মন্ত্রণালয়ের তিনজন জাতীয় তদন্তকারীকে মানিসায় পাঠানো হয়েছে।
চলতি বছর তুরস্কে এটি তৃতীয় স্কুলে গুলির ঘটনা। এপ্রিলে দুটি প্রাণঘাতী স্কুল হামলার পর ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এরপর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার এবং অস্ত্র নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেয় সরকার।
এর আগে কাহরামানমারাশে ১৪ বছর বয়সী এক কিশোরের গুলিতে ১০ ও ১১ বছর বয়সী নয় শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হন। পরে ওই হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়।





