বিসিবির বড় সিদ্ধান্ত: মিরপুরের অবকাঠামো উন্নয়ন ও ক্রিকেটারদের ফি বৃদ্ধি

বিসিবি
বিসিবি | ছবি: এখন টিভি
0

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যোগ হচ্ছে দুটি নতুন ড্রেসিংরুম। ক্রিকেটারদের ফিটনেস উন্নয়নে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বসছে আন্তর্জাতিক মানের তিন লেনের রানিং ট্র্যাক। শুধু অবকাঠামো নয়, ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানো এবং নতুন কাঠামো চালুরও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রায় দেড় মাস পর হওয়া বিসিবি সভায় এসেছে বেশকিছু সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা সামলাতে মিরপুরে বাড়ছে ড্রেসিংরুম সুবিধা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্মাণ হবে দুটি নতুন ড্রেসিংরুম। এতে ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ক্রিকেট কার্যক্রম পরিচালনা হবে আরও সহজ। পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচের জন্য প্যাভিলিয়ন ভবনের বর্তমান ড্রেসিংরুমগুলো মূলত সংরক্ষিত রাখার পরিকল্পনাও করছে বোর্ড।

ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিংয়েও যোগ হচ্ছে সুবিধা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের, আইএএএফ-অনুমোদিত তিন লেনের বিশেষায়িত রানিং ট্র্যাক। ক্রিকেটারদের ফিটনেসের পাশাপাশি অন্যান্য ক্রীড়া কার্যক্রমেও ব্যবহার হবে এই ট্র্যাক।

এদিকে ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। চার দিনের ম্যাচে দেড় লাখ, ওয়ানডেতে এক লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নারী ক্রিকেটেও বেড়েছে ম্যাচ ফি। অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতাও দ্বিগুণ হয়েছে। ১০ হাজার থেকে বেড়ে এখন ২০ হাজার টাকা।

ঘরোয়া ক্রিকেটে আসছে বড় কাঠামোগত পরিবর্তনও। ছয় দল নিয়ে প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিন বছরের জন্য দলীয় মালিকানা দেওয়ার পরিকল্পনা করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানকে। ডিসেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে নতুন কাঠামোর যাত্রা শুরুর সম্ভাবনা।

পাশাপাশি বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বিসিবি।

ইএ