ছুটির দিন সকালে জমজমাট ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার। কিন্তু বাজারে এসে দরদাম করে হতাশ অনেক ক্রেতা।
প্রকারভেদে সবজির দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ৭০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, কাঁচামরিচ ৩০ টাকা বেড়ে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। বৈরি আবহাওয়ায় সরবরাহ কমায় দাম বেড়েছে, বলছেন বিক্রেতারা।
একই চিত্র কুষ্টিয়ার পৌর বাজারেও। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে অধিকাংশ সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা, বেগুন ৯০ থেকে ১০০ টাকায়। টানা ভারী বৃষ্টিতে সবজিক্ষেতের ক্ষতি হওয়ায় সরবরাহ কমার কথা বলছেন বিক্রেতারা।
আরও পড়ুন:
চট্টগ্রামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ২০৪ টাকায়। সপ্তাহ ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৫ টাকা। দুই সপ্তাহে ময়দার দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। বিভিন্ন কোম্পানির পণ্য নিতে গেলে এক পণ্যের সাথে আরও কয়েকটি পণ্য নিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ বিক্রেতাদের।
এদিকে, মৌসুমের শেষ সময়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বেড়েছে ইলিশের সরবরাহ। এতে ভোলার বাজারে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি ইলিশে দাম কমেছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
নাটোরের বাজারেও পুকুর ও বিলের মাছের সরবরাহ বাড়ায় কেজিতে কমেছে ৩০ থেকে ৪০ টাকা।





