ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন

বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন
বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন | ছবি: সংগৃহীত
0

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন তিন নেতা। তাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিংয়ের কাছে মনোনয়ন ফরম জমা দেন মির্জা ফয়সাল আমিন। তার পক্ষে ফরম সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

অন্য দুই মনোনয়নপ্রত্যাশী হলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তারাও বুধবার দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

আরও পড়ুন:

মনোনয়ন ফরম জমা দেয়ার সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এরপর দলীয় মনোনয়ন বোর্ড ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী চূড়ান্ত করবে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

এসএস