ডেঙ্গুতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর; পৃথিবীর আলো দেখা হলো না অনাগত সন্তানের

নূর জাহান
নূর জাহান | ছবি: সংগৃহীত
0

আগামী মাসে (অক্টোবর) সন্তান জন্ম দেয়ার কথা ছিলো নূর জাহানের (২২)। এর আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। একই সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার আগেই মৃত্যু হয়েছে তার অনাগত সন্তানের। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়।

নূর জাহান কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগড়া এলাকার জোবায়ের হোসেনের স্ত্রী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেন ও নূর জাহানের বিয়ে হয়। নূর জাহান নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আগামী মাসে তার সন্তান জন্ম দেয়ার সম্ভাব্য সময় ছিলো।

আরও পড়ুন:

নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন গণমাধ্যমকে জানান, গত শুক্রবার তার সামান্য জ্বর আসে। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নূর জাহানের মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা জানান, বুধবার বাদ আসর নূর জাহানকে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদলও সেখানে গিয়েছেন।

আরও পড়ুন:

এদিকে, নূর জাহানের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা। তিনি বলেন, ‘একজন মেধাবী ছাত্রীর এ অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এসএস