সমুদ্রে দুই দেশের যুদ্ধজাহাজের সংঘর্ষ; পাকিস্তানি দূতকে তলব ভারতের

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের প্রতীকী ছবি
আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভারতের একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের নৌবাহিনীর একটি জাহাজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের উপরাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভির প্রতিবেদন তথ্য উঠে এসেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে সমুদ্রে নিয়মিত টহল দেয়ার সময় ঘটনাটি ঘটে। ভারতের দাবি, পাকিস্তানি নৌবাহিনীর একটি হুনাইন-ক্লাস করভেট অনিরাপদভাবে দ্রুতগতিতে এসে তাদের জাহাজের কাছাকাছি চলে এলে এই সংঘর্ষ হয়। তবে এতে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনাটিকে ১৯৯১ সালে দুই দেশের মধ্যে সই হওয়া সামরিক মহড়া ও যাতায়াতসংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তির অনুচ্ছেদ ১০-এর লঙ্ঘন বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে উভয় দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত। নয়াদিল্লির পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিনিধিকেও পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

সংঘর্ষের সময় সমুদ্রের আবহাওয়া উত্তাল ছিল বলে জানা গেছে। এর আগে ২০১১ সালের জুনেও ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস গোদাবরী ও পাকিস্তানি রণতরী পিএনএস বাবুরের মধ্যে অনুরূপ সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

এএম