গাজা চলচ্চিত্র নিয়ে ক্ষোভ: নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরাইলের

‘নাজা’র পরিচালক রাচেল সজর ও ইউভাল আব্রাহাম
‘নাজা’র পরিচালক রাচেল সজর ও ইউভাল আব্রাহাম | ছবি: সংগৃহীত
0

গাজায় পরিচালিত ইসরাইলি গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা’র পরিচালক ইউভাল আব্রাহাম ও রাচেল সজরের নাগরিকত্ব বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মিকি জোহর।

ভেনিস চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি প্রাইজ জেতার পর এ হুঁশিয়ারি দিলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মিকি জোহর এ প্রামাণ্যচিত্রকে ‘জঘন্য’ এবং চলচ্চিত্র উৎসবে এর জয়কে ‘আঘাতজনক’ বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, বিশ্বজুড়ে থাকা ইহুদিবিদ্বেষীদের হাততালি কুড়াতেই এ নির্মাতারা নিজ দেশের ক্ষতি করেছেন।

ইসরাইলি মন্ত্রী দাবি করেন, আব্রাহাম ও সজরের এ পদক্ষেপ রাষ্ট্রের বিরুদ্ধে দেশদ্রোহিতার শামিল। পোস্টে তিনি লেখেন, ‘সংস্কৃতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অপরাধে এ ঘৃণ্য নির্মাতাদের ইসরাইলি নাগরিকত্ব অবিলম্বে বাতিল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ৮০ মিনিটের এ প্রামাণ্যচিত্রে গাজায় ফিলিস্তিনিদের ‘পরিকল্পিত গণহত্যার’ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রযুক্তির ব্যবহারের চিত্র তুলে ধরা হয়েছে। চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার প্রদর্শনীতে দর্শকরা টানা ২৫ মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

প্রামাণ্যচিত্রটিতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরাইলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার জবানবন্দি অন্তর্ভুক্ত করা হয়েছে। সাক্ষাৎকার দাতারা গাজায় ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হত্যাকাণ্ডের জন্য ব্যবহৃত ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই ব্যবস্থার বিস্তারিত বিবরণ দেন।

চলচ্চিত্রটির অন্যতম পরিচালক আব্রাহাম জানান, তিনি আশা করেন তার এ প্রামাণ্যচিত্র ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পশ্চিমা সরকারগুলোকে বাধ্য করবে।

এএইচ