লিথুয়ানিয়ায় ন্যাটোর পরমাণু অস্ত্র থাকলে লক্ষ্যবস্তু করবে রাশিয়া, ক্রেমলিনের হুঁশিয়ারি

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ | ছবি: রয়টার্স
0

লিথুয়ানিয়ার ভূখণ্ডে ন্যাটোভুক্ত দেশগুলোর পরমাণু অস্ত্র মোতায়েন করা হলে দেশটিকে রাশিয়ার পারমাণবিক লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে লিথুয়ানিয়া যখন দেশটিতে পরমাণু অস্ত্র সংরক্ষণের ওপর থাকা সাংবিধানিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করছে, তখনই এ হুমকি দিলো ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি ওই ভূখণ্ডে আমাদের লক্ষ্য করে কোনো পারমাণবিক অস্ত্র রাখা হয়, তবে স্বাভাবিকভাবেই সেই দেশটি আমাদের নিজস্ব পরমাণু অস্ত্রের নিশানায় পড়বে।’ তিনি লিথুয়ানিয়ার এ পরিকল্পনাকে উত্তেজনা বৃদ্ধির পথে একটি অত্যন্ত ‘বিপজ্জনক মোড়’ বলে অভিহিত করেন।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা গত জুলাইয়ে ঘোষণা করেছিলেন যে তার দেশ ন্যাটোর পরমাণু প্রতিরোধের একটি অবিচ্ছেদ্য অংশ হতে চায়। বর্তমানে দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী পাসের প্রক্রিয়া চলছে। সংশোধনীটি পাসের জন্য পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এবং চলতি বছরের শীতকালেই তা কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই বাল্টিক অঞ্চলের দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

এএম