মৌলভীবাজারে ডিবির অভিযান: ১৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— প্রসনজিৎ কুন্ড কর্মকার (২৭), রাহুল বিশ্বাস (২৮), নির্মল পাল (২৮) ও রায়হান আহমদ (২৪)।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সরকারি কলেজ গেইটের বিপরীতে আজাদাবাদ জামে মসজিদের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে অফিসার-ফোর্সের সহায়তায় তাদের কৌশলে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে প্রসনজিৎ কুন্ড কর্মকারের হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এছাড়া রাহুল বিশ্বাসের হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রসনজিৎ কুন্ড কর্মকার ও রাহুল বিশ্বাস জানায়, তারা ওই বিদেশি মদ জনৈক নির্মল পাল ও রায়হান আহমদের কাছ থেকে ক্রয় করে এনেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় শ্রীমঙ্গল পৌরসভা গেইটের সামনে অভিযান পরিচালনা করে নির্মল পাল ও রায়হান আহমদকে আটক করা হয়।

ঘটনাস্থলে নির্মল পাল ও রায়হান আহমদের দেহ তল্লাশি করে তাদের কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তাররা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে পরবর্তীতে পরস্পরের সহযোগিতায় বিক্রি করে আসছিলো। গ্রেপ্তার চারজন পরস্পরের সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ