স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে ইসি কোনো বেআইনি নির্দেশনা দেবে না: সিইসি

কথা বলেছেন সিইসি এএমএম
কথা বলেছেন সিইসি এএমএম | ছবি: এখন টিভি
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে কোনো প্রকার বেআইনি নির্দেশনা দেবে না নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতি অনুযায়ী কমিশন কাজ করছে। গতকাল (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশের দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখা সংক্রান্ত কর্মশালা শেষে এসব জানান সিইসি।

দেশের ইতিহাসে স্থানীয় পর্যায়ের ভোটে নির্বাচনি সহিংসতা বাড়ে কয়েকগুণে। ১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত ১০ বার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। এইসব নির্বাচনে সহিংসতায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন কয়েক হাজার। একইসঙ্গে ভোটের দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর তৎপরতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এবার সেসব গ্লানি মোচন করতে পারবেন কি সংশ্লিষ্টরা?

আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশের দায়িত্বে পেশাদারিত্ব বজায় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পাশাপাশি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছে ইসি। আয়োজিত কর্মশালায় সিইসি জানান, ভোটে সহিংসতা কমাতে মাঠ পর্যায়ে মনিটরিং বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়েছিলো, সেটা আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। আমাদের সিভিল সার্ভিস থেকে শুরু করে পুলিশের ওপর মানুষের যে আস্থার সংকট হয়েছিলো, সেটা পুনরুদ্ধার হয়েছে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন আশ্বস্ত করেন, স্থানীয় নির্বাচনে পুলিশ প্রশাসনকে কোনো প্রকার বেআইনি নির্দেশনা দেবে না ইসি। জানানো হয়, সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে।

আরও পড়ুন:

এদিকে নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারো অংশ নেয়ার প্রশ্নে সিইসি জানান, আইন অনুযায়ী যোগ্য যে কেউ ভোটে অংশ নেয়ার সুযোগ আছে।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন থেকে কোনো প্রকার বেআইনি নির্দেশনা নির্বাচনের সময় যাবে না। একদম গ্যারান্টি দিতে পারি যে, আমরা কোনো বেআইনি নির্দেশনা ওনাদের দেবো না। ওনারাও ওয়াদা করেছেন যে, ওনারা কাজ করবেন একটা সুন্দর ক্রেডিবল নির্বাচনের জন্য কাজ করবেন।’

এসময় আইজিপি জানান, পুলিশের ভাবমূর্তি শতভাগ ফিরেছে। এছাড়া ইসির নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

আইজিপি বলেন, ‘পুলিশ বাহিনীর পক্ষ থেকে যত ইতিবাচক পদক্ষেপ নেয়া যায়, সেগুলো সবই আমরা নেবো নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী।’

এছাড়া স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন যেকোনো সময় প্রকাশ করবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এসএইচ