ওদেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে জানান, স্টারোকোজাচে সীমান্ত পারাপার কেন্দ্রের কাছে রুশ ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছেন। হামলার পর সেখানে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। হামলার কারণে সীমান্ত দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভেও রুশ ড্রোন হামলা হয়েছে। এতে কয়েকটি স্থানে আগুন ধরে গেলেও কেউ হতাহত হয়নি বলে জরুরি সেবা বিভাগ জানিয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, বুধবার ভোরে একটি ১৬ তলা ভবনে রুশ ড্রোন হামলা হয়েছে। সেখানে জরুরি সেবাকর্মীরা ছুটে যান।
এর আগে মঙ্গলবার সাময়িক বিরতির পর কিয়েভে আবারও প্রায় নিয়মিত ড্রোন হামলা শুরু করে রাশিয়া। ওই বিরতির সময় যুক্তরাষ্ট্রের শান্তি আলোচকেরা ইউক্রেন সফর করেছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় রাজধানীতে পাঁচজন নিহত হন।





