নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

আটক হওয়া এনসিপি নেত্রী
আটক হওয়া এনসিপি নেত্রী | ছবি: এখন টিভি
0

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাতে শহরের কুড়পাড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সৈয়দা সাদিয়া ইসলাম এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচজনের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার প্রিয়া আক্তার, ইতি আক্তারসহ কয়েকজনের কাছ থেকে ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে তিন হাজার টাকা করে নেন সাদিয়া। প্রিয়া আক্তার আটপাড়া উপজেলার দেওশ্রী গ্রামের বাসিন্দা। তিনি নেত্রকোণা শহরের কুড়পাড় এলাকায় গৃহপরিচারিকার কাজ করেন।

ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তিন হাজার টাকা দেয়ার পর মঙ্গলবার কাজে এসে প্রিয়া জানতে পারেন, কার্ড পেতে কোনো টাকা দিতে হয় না। পরে অন্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন, একইভাবে আরও কয়েকজনের কাছ থেকে টাকা নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এরপর বিকেল থেকে স্থানীয়রা কুড়পাড় এলাকায় জড়ো হন। একপর্যায়ে সাদিয়া অন্যদের কাছ থেকে টাকা আনতে গেলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন ভুক্তভোগীরা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত দেয়ার দাবি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়া সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী এবং এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

এসএস