আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোণার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। ঘরবাড়ি ও আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।’
পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগ পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।’
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তারা কোন শ্রেণিতে পড়ছে, কীভাবে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন:
পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
মানুষের পাশাপাশি প্রাণি ও জীবজন্তুর প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চারপাশের অসহায় ও অবলা প্রাণিদের প্রতি যত্নবান হতে হবে। কোনো প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ মানবিক সমাজের পরিচয়।’
এদিন ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুজন সদস্য ছিলেন। সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। প্রধানমন্ত্রীর দেয়া পরামর্শ নিজেদের জীবনে অনুসরণ করার পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার মানুষের মধ্যেও তা ছড়িয়ে দেয়ার আগ্রহ প্রকাশ করে তারা।




