সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তা নিয়ে সন্দেহ রয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনায় সন্দেহ রয়ে গেছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে তা খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশ কৃষি-অর্থনীতির উপর ভিত্তি করে স্বয়ংসম্পন্ন হবে। খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে। এটি আমার মনে হয় কেউ কেউ পছন্দ করেনি। যেকারণে এ দূর্ঘটনা হতে পারে।’

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান ছিলো সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের। অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিকভাবে তিনি সম্মানিত হয়েছিলেন।’

দরিদ্রতা দূরীকরণে বিএনপি সরকার হয়েছিল চ্যাম্পিয়ন। তার এ অর্থনৈতিক ব্যবস্থাপনা ধরে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে, দরিদ্রতা দূরীকরণে মাধ্যমে সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যু হয়। মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ৫-৬ ফুট পানিতে তলিয়ে যাওয়া ওই গাড়িতে চালকসহ ছিলেন মোট ছয়জন। এর মধ্যে কেবল এম সাইফুর রহমানেরই মৃত্যু হয়।

জেআর