২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের ইতুয়ানো থেকে আর্সেনালে যোগ দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এরপর ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ক্লাবের অবিচ্ছেদ্য অংশ। উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গে দীর্ঘ সাত বছর কাটানো শেষে এবার নতুন চ্যালেঞ্জের পথে এই ফুটবলার।
ঠিক গত মৌসুমেই আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিলেন মার্তিনেল্লি। এর আগে ২০২০ সালে এফএ কাপ এবং ২০২৩ সালে কমিউনিটি শিল্ডও জিতেছেন তিনি। গত মৌসুমে ৫৩ ম্যাচে করেছেন ১১ গোল করা এই উইঙ্গার গানারদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭৮ ম্যাচে ৬২ গোল ও ৩৪টি অ্যাসিস্ট করেছেন।
আরও পড়ুন:
নতুন মৌসুমে অবশ্য প্রথম দুই ম্যাচেই স্কোয়াডে জায়গা পাননি মার্তিনেল্লি। কোচ মিকেল আর্তেতার পরিকল্পনায় না থাকায় সৌদি প্রো লিগে পাড়ি ব্রাজিলিয়ান উইঙ্গারের। আল-হিলালের সঙ্গে তার চুক্তি চার বছরের। যেখানে ক্লাব রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছেন তিনি।
নতুন ক্লাবে কিছু পরিচিত মুখ পাচ্ছেন মার্তিনেল্লি। আল-হিলালে এরই মধ্যে আছেন ইংলিশ স্ট্রাইকার অলি ওয়াটকিন্স, যিনি এসেছেন অ্যাস্টন ভিলা থেকে। এছাড়া ওয়েস্ট হ্যাম থেকে এসেছেন ক্রিসেনসিও সামারভিল। সঙ্গে থিও হার্নান্দেজ, কালিদু কুলিবালি ও গোলরক্ষক ইয়াসিন বুনোর মতো তারকারাও আছেন। এর আগে এই ক্লাবে খেলেছেন করিম বেনজেমার মতো তারকাও।
ইতুয়ানো থেকে আর্সেনাল, এবার আল-হিলাল। ক্যারিয়ারের তৃতীয় সিনিয়র ক্লাবে মার্তিনেল্লি কেমন করবেন তা সময়ই বলে দেবে। তবে চার বছরের চুক্তিতে নতুন ঠিকানা রিয়াদ অধ্যায়টা রাঙাতেই চাইবেন এ ব্রাজিলিয়ান।





