ইরানে সরকার পতনই মূল লক্ষ্য, দাবি নেতানিয়াহুর

রোশ হাশানাহ উপলক্ষে আইডিএফের জেনারেল স্টাফ ফোরামের সঙ্গে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
রোশ হাশানাহ উপলক্ষে আইডিএফের জেনারেল স্টাফ ফোরামের সঙ্গে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: টাইমস অব ইসরাইল
0

ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করাই এখন ইসরাইলের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যপূরণ এখন নাগালের মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) তেল আবিবে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

তেল আবিবে প্রতিরক্ষা সদর দপ্তরে আইডিএফ জেনারেল স্টাফ ফোরামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এবং সেনাপ্রধান এজাল জামির। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু দাবি করেন, ‘এই সরকার এখন টালমাটাল অবস্থায় রয়েছে। এটি আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল এবং টিকে থাকার লড়াই করছে।’ তিনি আরও বলেন, ‘এই হুমকি চিরতরে দূর করার ব্যাপারে আমি আস্থাশীল অন্য কথায়, এই সরকারকে উৎখাত করা। এটিই আমাদের সামনে থাকা মূল দায়িত্ব এবং তা অত্যন্ত সন্নিকটে। এটি অসম্ভব কিছু নয়, বরং নাগালের মধ্যেই রয়েছে।’

ইসরাইলের শত্রুদের প্রতি সতর্কবার্তা দিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমাদের সঙ্গে সংঘাতে জড়াবেন না। আপনাদের পরাস্ত করার মতো সামরিক সক্ষমতা, সংকল্প এবং অভ্যন্তরীণ ঐক্য আমাদের রয়েছে।’ এর আগে প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজও হুঁশিয়ারি দিয়ে জানান, ইরান যদি ইসরাইলে আক্রমণ চালায়, তবে দেশটির জ্বালানিসহ সব ধরনের অবকাঠামো নিশানা করে হামলা চালানো হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরুর প্রেক্ষাপটে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ওয়াশিংটন। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বাণিজ্যিক জাহাজে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের সঙ্গে কোনো কথা বলব না।’ অন্যদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চলতি সপ্তাহে মন্তব্য করেছেন, ইরানের ওপর চালানো অর্থনৈতিক চাপের ফল আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই দৃশ্যমান হতে পারে।

এএম