স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

রেহেনা আক্তার
রেহেনা আক্তার | ছবি: সংগৃহীত
0

রাজধানীর সবুজবাগে স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।

আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সবুজবাগ থানার নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে ৯৯৯ নম্বরে ফোন করে রেহেনা জানান, আগের রাতে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় তার স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন তিনি।

৯৯৯ সূত্রে জানা যায়, কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। পরে বিষয়টি সবুজবাগ থানায় জানানো হয়। সংশ্লিষ্ট থানার সঙ্গে বিষয়টি তদারকি ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।

খবর পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ এবং স্বামীর অন্য নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে রেহেনা তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) হত্যা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস