জেলেনস্কির সতর্কবার্তার পর রাশিয়ার আশ্বাস; ব্যাহত হবে না বেসামরিক বিমান চলাচল

ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি | ছবি: সিএনএন
0

ইউক্রেনীয় ড্রোনের কারণে আকাশসীমা অনিরাপদ হয়ে ওঠার খবরের মধ্যেও বেসামরিক বিমান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার আকাশে কোনো ধরনের বিঘ্ন ঘটতে দেয়া হবে না বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা ও বিমাকারীদের সতর্ক করে বলেন, যুদ্ধের কারণে রাশিয়ার নিজস্ব আকাশসীমা বন্ধ হয়ে আসছে। তবে বেসামরিক বিমান তাদের লক্ষ্যবস্তু নয় বলেও তিনি স্পষ্ট করেন। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইসিএও) আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে রুশ আকাশসীমা এখন অনিরাপদ।

ইউক্রেনের এই সতর্কবার্তার জবাবে রাশিয়ার পরিবহনমন্ত্রী আন্দ্রেই নিকিতিন দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘আমরা ফ্লাইট ও বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত জোরদার করছি এবং যেকোনো পরিস্থিতি সামাল দেয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান ন্যাশনাল গার্ডের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে। বেসামরিক বিমান চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটতে দেয়া হবে না।’

রাশিয়ার এমন আশ্বাসের মধ্যেও মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিঘ্ন দেখা গেছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে ২১টি ফ্লাইট বাতিল ও ২৩৫টি বিলম্বিত হয়েছে। অন্যদিকে ভনুকোভো বিমানবন্দরে ২২টি ফ্লাইট বাতিল ও ৯৪টি বিলম্বের ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট সমন্বয় করছে। এছাড়া তুরস্কের পেগাসাস এয়ারলাইনস কিছু ফ্লাইট বাতিল করেছে।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের এয়ারলাইনসগুলো রুশ আকাশসীমা এড়িয়ে চলছে। তবে চীন, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর বিমান এখনো রাশিয়ার আকাশ ব্যবহার করছে। সম্প্রতি কিয়েভে রাশিয়ার বিমান হামলার তীব্রতা বৃদ্ধির জবাবে রাশিয়ার জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন।

এএম