সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা ও উৎকর্ষ বৃদ্ধিতে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর মধ্যে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি ও কোর্স বিনিময় আরও জোরদার করার ব্যাপারে বৈঠকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের যৌথ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সামগ্রিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক অগ্রগতির জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





