শর্তসাপেক্ষে আমানত ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

টাকা তুলছেন গ্রাহকরা
টাকা তুলছেন গ্রাহকরা | ছবি: এখন টিভি
0

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের মূল আমানতের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখাগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। তবে শর্তসাপেক্ষে ও সীমিত পরিসরে টাকা তুলতে পারছেন গ্রাহকরা। একই চিত্র বন্দরনগরী চট্টগ্রামেও। আমানত ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা।

কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের মূল আমানতের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়। রাজধানীতে সরেজমিনে দেখা যায়, দেড় থেকে দুই লাখ টাকার আমানত বা চলতি হিসেব যাদের, তারা সরাসরি ক্যাশ কাউন্টার থেকে টাকা উত্তোলন করতে পারছেন।

যাদের আমানতের পরিমাণ তুলনামূলক বেশি সেই গ্রাহকদের একটি ফরম পূরণ করতে হচ্ছে। নেয়া হচ্ছে গ্রাহকদের ব্যাংকিংয়ের নানা তথ্য। পরবর্তীতে এসব তথ্য ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে, সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন তারা। নতুন এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন গ্রাহকরা।

গ্রাহকরা জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছেন তারা। মুনাফাসহ সবকিছুই পাবো বলে জানানো হয়েছে। ভালো কিছু হবে বলে আশা করা যায়।

চট্টগ্রামে সকাল থেকে টাকা তুলতে ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় আমানতকারীদের। দীর্ঘদিনের দুশ্চিন্তা ও অনিশ্চয়তা থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে বলে জানান গ্রাহকরা।

আমানত ফেরত দেয়ার প্রক্রিয়া শুরুকে সম্মিলিত ইসলামি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরানোর অংশ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র বলেন, গ্রাহকদের আমানত নিয়ে দুশ্চিন্তার সুযোগ নেই।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ১ সেপ্টেম্বর থেকে সমন্বিত ইসলামী ব্যাংক আমানতকারীদের টাকা দেবে। শর্তসাপেক্ষে সে ঘোষণাপত্র আমরা দিই। সেভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই ধরনের ক্লিয়ার ইন্সট্রাকশন গ্রাহকদের মাঝে আস্থা ফিরিয়ে এনেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত হওয়া ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা আছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীর সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

ইএ