একজন স্ট্রাইকারের খোঁজে দলবদলের বাজারে ব্যস্ত সময় পার করছে বার্সেলোনা। রবার্ট লেভানডওস্কি এবং ফেরান তোরেসের দল ত্যাগের পর কোনো নাম্বার নাইন নেই হ্যান্সি ফ্লিকের দলে। সেই অভাব নিয়েই অবশ্য লিগের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়েছে বার্সেলোনা। নতুন সাইনিং অ্যান্থনি গর্ডন, কারিম আদিয়েমির পাশাপাশি বার্সাকে ভরসা জোগাচ্ছেন রাফিনিয়া-লামিনে ইয়ামালের মতো তারকারা।
তবে, লিগের তৃতীয় রাউন্ডের আগে কিছুটা হলেও চাপে থাকতেই হচ্ছে বার্সাকে। ঘরের মাঠে প্রতিপক্ষ রায়ো ভায়োকানো নামের বিচারে বড় নাম না হলেও সাম্প্রতিক সময়ে বার্সাকে রেখেছে চাপে। রায়ো ভায়োকানো বিগত মৌসুমগুলোতে পরীক্ষা নিয়েছে বার্সার। দুই দলের সবশেষ ১১ দেখায় মাত্র ৫ জয় বার্সেলোনার। তিন জয় আছে ভায়োকানোর। এই ম্যাচে বার্সেলোনা পাচ্ছে না তাদের দুই মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং এবং গাভিকে। দুই দলের এই ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত দেড়টায়।
আরও পড়ুন:
স্পেনের চ্যাম্পিয়ন বার্সেলোনার মতোই পরিস্থিতিতে ইংল্যান্ডের বর্তমান শিরোপাধারী আর্সেনাল। মৌসুমের প্রথম ম্যাচেই জয়ের পর ফুরফুরে মেজাজে থাকলেও খুব একটা সহজ পরীক্ষা অপেক্ষা করছে না মিকেল আর্তেতার সামনে। নিজের চ্যাম্পিয়ন স্কোয়াডের অনেককেই এই অ্যাস্টন ভিলার বিপক্ষে পাচ্ছেন না তিনি। উইলিয়াম সালিবা, জুরেন টিম্বার এবং ব্রুনো গিমারেস থাকবেন না ইনজুরি সমস্যায়। গ্যাব্রিয়েল জেসুস এবং মার্তিনেলি বাইরে থাকবেন দলবদলের ব্যস্ততায়।
এরপরেও অবশ্য ফেভারিট হিসেবেই রাত ১টায় মাঠে নামবে আর্সেনাল। প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়া ভিলাকে চ্যালেঞ্জ জানাবে ওডেগার্ড, তোজোলিস, রাইস-হাভার্টজরা।





