মস্কোর সাম্প্রতিক বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ হয়েছে: জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি | ছবি: সিএনএন
0

রাশিয়ার রাজধানী মস্কোয় সম্প্রতি অনুষ্ঠিত বেশ কয়েকটি বৈঠক সম্পর্কে ইউক্রেনকে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন। আনদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘কয়েক দিন আগে মস্কোয় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকের আগে ও পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ হয়েছে।’

জেলেনস্কি বলেন, ‘তথ্য জানানোর জন্য এবং রাশিয়ার সঙ্গে কথোপকথনে প্রয়োজনীয় অবস্থান নেয়ার জন্য ধন্যবাদ। আমরা পদক্ষেপের এই সমন্বয়কে গুরুত্ব দিই। একই সঙ্গে কী করা দরকার এবং কী অর্জন করতে হবে—সে বিষয়ে যুক্তরাষ্ট্র একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তুলে ধরছে।’

মস্কোর বৈঠকে কারা অংশ নিয়েছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু না বললেও ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে এবং তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পরিবেশ তৈরি করতে হবে।’

এর আগে গত বুধবার ক্রেমলিন নিশ্চিত করে যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র‍্যাটক্লিফ মঙ্গলবার মস্কো সফর করেছেন। ২০২১ সালের পর এটিই কোনো সিআইএ প্রধানের প্রথম মস্কো সফর। ক্রেমলিন এটিকে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যকার যোগাযোগ হিসেবে উল্লেখ করে ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, লাটভিয়ার রাজধানী রিগা থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি সি-১৭এ গ্লোবমাস্টার ৩ উড়োজাহাজ মঙ্গলবার সকালে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। এর দুই দিন আগে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের যৌথ বিমানঘাঁটি অ্যান্ড্রুজের নিকটবর্তী ক্যাম্প স্প্রিংস থেকে উড়াল দিয়েছিল। ওই ঘাঁটিটি মূলত হোয়াইট হাউসের উড়োজাহাজের জন্য ব্যবহৃত হয়। মস্কো থেকে উড়োজাহাজটি ওই দিন রাতেই আবার রিগায় ফিরে যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোয় সিআইএ পরিচালকের এই সফরকে প্রায় নিয়মিত একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন।

পরদিন ওভাল অফিসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোভুক্ত কোনো দেশে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার ভালো আলোচনা হয়েছে। তিনি ন্যাটোভুক্ত এলাকায় কোনো হামলা চালাবেন না।’

ন্যাটোভুক্ত এলাকায় হামলা না চালানোর বিষয়ে রাশিয়াকে কোনো সতর্কবার্তা দেয়া হয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না, তবে তারা হামলা করবে না।’

এএম