লর্ডস টেস্টে পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যে ব্যাটে-বলের লড়াই ছাপিয়ে এখন রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অধিনায়ক ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচারের জেরে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
টেস্টের প্রথম দিনে এই ম্যাচের ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই স্পোর্টসে ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার প্রচার করা হয়। যেখানে তারা বাবার কারাবন্দী জীবন ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এই সম্প্রচার সংস্থার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
প্রতিবাদের একপর্যায়ে প্রথম দিন লাঞ্চ বিরতির পর মাঠে না নামার কথাও ভেবেছিল পাকিস্তান। তবে সব শঙ্কা কাটিয়ে তারা প্রথম দিন মাঠে ছিল পুরো সময়। তবে দ্বিতীয় দিন থেকে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে লর্ডস টেস্ট সম্পূর্ণ বয়কটের হুমকি দিয়ে রেখেছিল পিসিবি। কিন্তু সব নাটকীয়তা শেষে পাকিস্তান দল শেষপর্যন্ত মাঠে নেমেছে দ্বিতীয় দিনের সকাল থেকেই।
৯ উইকেট হারিয়ে ২৪৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংলিশরা ২৯০ রানে অলআউট হওয়ার পর পাকিস্তান ব্যাটিং করছে তাদের প্রথম ইনিংসে।





