ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তারের প্রতীকী
গ্রেপ্তারের প্রতীকী | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার কালা মোবারকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার, ২৬ আগস্ট) লেলাং এলাকার শাহনগর পল্লানপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার , ৪টি দেশি-বিদেশী পিস্তল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া বাকী তিনজন রায়হান, ফরিদ ও নাছির।

আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) বিকালে নগরীর ২ নং গেট পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, কালা মোবারক একজন দুর্ধর্ষ শুটার, নানা ধরণের অস্ত্র চালনায় পারদর্শী।

সে সন্ত্রাসী সাজ্জাদ ও ডেভিড ইমনের হয়ে বিভিন্ন হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। রাউজানে আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যা মামলায় সিসিটিভি ফুটেজে তাকে অস্ত্র হাতে দেখা গেছে।

এছাড়া ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, নগরে সরোয়ার বাবলা হত্যাসহ, খুন, চাঁদাবাজি মামলার আসামী সে। গতকাল রাতে অস্ত্র উদ্ধারের সময় তারা পুলিশের ওপর অতর্কিত গুলি ছোঁড়ে। পরে তাদের আস্তানা থেকে ব্রাজিলের তৈরি নাইন এম এম তারাস পিস্তল, ইতালির ৭ দশমিক ৫ বোরের পিস্তল, পাকিস্তানি ও দেশি তৈরি দুটি পিস্তল পাওয়া যায়। ব্রাজিলের পিস্তলটি নগরীর কোতয়ালি থানা থেকে লুট হওয়া।

এটি কিভাবে হাত বদলে তাদের কাছে গেলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে এ সন্ত্রাসী দলের আসামি আফসার, ধামা ইলিয়াস ও দিদার ও ডেভিড ইমনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেআর