অনুমতি ছাড়া সরকারি গোডাউনের ৩২৭ টন সার বিক্রির অভিযোগ, আটক ১

সরকারি গোডাউন
সরকারি গোডাউন | ছবি: এখন টিভি
0

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সার গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ৩২৭ দশমিক ৪৫ টন সার বিক্রির অভিযোগে এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।

গতকাল (সোমবার, ২৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে আটক করা হয়।

পুলিশ জানায়, সরকারি গোডাউন থেকে বিপুল সার অবৈধভাবে বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ইসলাম গত জুলাই ও আগস্ট মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মোট ৩২৭ দশমিক ৪৫ মেট্রিক টন সার বিক্রির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে ২২৭ মেট্রিক টন ডিএপি এবং ১০০ দশমিক ৪৫ মেট্রিক টন এমওপি সার রয়েছে।

এ ঘটনায় বিএডিসির দুই চুক্তিবদ্ধ ডিলার—বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন ও কাহারোল উপজেলার আনসারুল ইসলামকে মামলায় আসামি করা হয়েছে। বিএডিসির সহকারী পরিচালক (সার) খুরশিদ আলম বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন।

বিএডিসি সূত্র জানায়, নশিপুরে ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি গোডাউনে প্রায় ১৮ হাজার টন সার সংরক্ষণের সক্ষমতা রয়েছে। এসব গোডাউনে এমওপি, ডিএপি ও টিএসপি সার মজুদ রাখা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ