আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে ইউএস ওপেনের এবারের আসর। যেখানে প্রাইজমানিতে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। সবমিলিয়ে মোট ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের পুরস্কার দেয়া হবে এবারের ইউএস ওপেনে। গত বছর প্রাইজমানি ছিলো ৯ কোটি ডলার। অর্থাৎ এক আসরেই পুরস্কার বেড়েছে ২০ শতাংশ।
টেনিসের অন্য তিন গ্র্যান্ড স্লামের সর্বশেষ আসরের সঙ্গে তুলনা করলেও ব্যবধানটা স্পষ্ট। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডনের নিজস্ব মুদ্রায় প্রাইজমানি রেকর্ড হলেও মার্কিন ডলারে ইউএস ওপেনের নতুন তহবিলই সবচেয়ে বড়।
পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন এবার পাবেন ৫৫ লাখ ডলার করে। গত বছরের তুলনায় যা ১০ শতাংশ বেশি। প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়রা পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার। যা শেষ আসরের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি। এবার খেলোয়াড়দের কল্যাণে ২০ লাখ ডলারের ‘প্লেয়ার সাপোর্ট প্রোগ্রাম’ও চালু করছে ইউএসটিএ।
প্রাইজমানির এ বড় বৃদ্ধির পেছনে খেলোয়াড়দের চাপও গুরুত্বপূর্ণ। গ্র্যান্ড স্লামের আয়ের অন্তত ১৬ শতাংশ প্রাইজমানি হিসেবে দেয়ার দাবি করে আসছেন শীর্ষ খেলোয়াড়রা। ২০৩০ সালের মধ্যে সেই হার ২২ শতাংশে নেয়ার লক্ষ্য তাদের। এর পাশাপাশি চার গ্র্যান্ড স্লাম মিলে গঠন করছে ‘গ্র্যান্ড স্লাম প্লেয়ার অ্যাডভাইজরি কাউন্সিল’। যার অন্যতম উদ্দেশ্য গ্র্যান্ড স্লামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বাড়ানো।
অবশ্য ইউএস ওপেনের আয়ের কত শতাংশ প্রাইজমানিতে যাচ্ছে, তা এখনো নিশ্চিত নয়। কারণ ২০২৫ সালের পূর্ণ আর্থিক হিসাব প্রকাশ করেনি ইউএসটিএ। প্রাইজমানিতে রেকর্ডের পাশাপাশি খেলোয়াড়দের জন্য নতুন সহায়তা- সব মিলিয়ে ২০২৬ ইউএস ওপেন টেনিসের অর্থনীতিতেও তৈরি করছে নতুন মাইলফলক।





-320x167.webp)