বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার (২২ আগস্ট ২০২৬) ভারতের রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে গার্ড বদল অনুষ্ঠান হবে না। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দুপুর ২টা ২৫ মিনিটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
তবে বিকেল ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় জানায়, ২১ আগস্ট ২০২৬ তারিখে গার্ড বদল অনুষ্ঠান না হওয়ার বিষয়ে জারি করা ওই প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সম্পর্কে এখনও ঢাকা বা নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি। এ কারণে বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিদেশি রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের অতিথিদের জন্য রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা আয়োজন করা হয়। এতে তিন বাহিনীর গার্ড অব অনার, জাতীয় সংগীত এবং অতিথির সঙ্গে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পরিচয়পর্ব থাকে। প্রটোকল অনুযায়ী সংবর্ধনার আগের দিন পূর্ণ মহড়াও হয়।
এ বিষয়ে ঢাকা বা নয়াদিল্লির কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
—ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অবলম্বনে





