ক্যানসার চিকিৎসা: ‘মার্ক’ ও ‘মডার্না’র নতুন পদ্ধতিতে মিললো ইতিবাচক ফল

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মার্ক’ ও ‘মডার্না’ লোগো
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মার্ক’ ও ‘মডার্না’ লোগো | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মার্ক’ ও ‘মডার্না’ বলেছে, ব্যক্তিভিত্তিক একটি ক্যানসার চিকিৎসা বড় পরিসরের শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে মেলানোমা টিউমার ফেরার ঝুঁকি কমাতে সফল হয়েছে। গতকাল (বুধবার, ১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে দুই প্রতিষ্ঠান। আবর নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এই খবরের পর শেয়ারবাজারে ‘মডার্না’র শেয়ার ১৪৫ শতাংশ বেড়ে ১৫৪ ডলারে ওঠে। আর ‘মার্ক’-এর শেয়ার ১২ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ১৫২ ডলারে।

দুটি প্রতিষ্ঠান জানায়, নতুন চিকিৎসাটির নাম ‘ইনটিসমেরান অটোজিন’। এটি মেসেঞ্জার আরএনএ প্রযুক্তিভিত্তিক—যে প্রযুক্তি কোভিড-১৯ টিকার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে।

গবেষকেরা বহু বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে মেসেঞ্জার আরএনএভিত্তিক চিকিৎসা প্রয়োগের চেষ্টা করছিলেন। বড় পরিসরের শেষ ধাপের ট্রায়ালে এ ধরনের ওষুধে ইতিবাচক ফল পাওয়ার ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে বলা হয়েছে।

‘মডার্না’র প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান বানসেল এক বিবৃতিতে বলেন, ‘আজ মডার্না, মেসেঞ্জার আরএনএ বিজ্ঞান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্যানসার রোগীদের জন্য বড় একটি দিন।’

প্রায় এক বছর ধরে চলা এই ট্রায়ালে অংশ নেন ১ হাজার ১৩৭ জন রোগী। অস্ত্রোপচারের মাধ্যমে ক্যানসার অপসারণের পর তাদের দুই দলে ভাগ করা হয়। দুই-তৃতীয়াংশ রোগীকে নতুন চিকিৎসার সঙ্গে পেমব্রোলিজুম্যাব দেয়া হয়। বাকি রোগীরা শুধু পেমব্রোলিজুম্যাব পান। এটি বর্তমানে মেলানোমার মানসম্মত চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুটি প্রতিষ্ঠান জানায়, আসন্ন একটি আন্তর্জাতিক সম্মেলনে তারা তথ্য উপস্থাপন করবে এবং অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে নথি জমা দেয়ার প্রক্রিয়া শুরু করবে।

‘ইউনিভার্সিটি অব অক্সফোর্ড’-এর অনকোলজিস্ট ও সহকারী অধ্যাপক লেনার্ড লি—যিনি ট্রায়ালে যুক্ত ছিলেন না—ফলাফলকে ‘খুবই আশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ তথ্য দেখার অপেক্ষায় থাকা উচিত। লন্ডনের ‘বার্টস ক্যানসার ইনস্টিটিউট’-এর অধ্যাপক মার্কো গারলিঙ্গার বলেন, এটি মেলানোমা রোগীদের জন্য ভালো খবর। পাশাপাশি ব্যক্তিভিত্তিক ক্যানসার টিকা কার্যকর হতে পারে—এটি তার একটি প্রমাণও। তবে তিনি বলেন, প্রকাশিত বিবৃতিতে বিস্তারিত তথ্য কম ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এই চিকিৎসা পদ্ধতিতে রোগীর টিউমারের নমুনা নিয়ে তার বিশেষ জিনগত পরিবর্তনের ‘ফিঙ্গারপ্রিন্ট’ শনাক্ত করা হয়। এরপর সেই লক্ষ্য ধরেই মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি ব্যবহার করে রোগপ্রতিরোধব্যবস্থাকে সক্রিয় করার চেষ্টা করা হয়। এ প্রযুক্তিতে কৃত্রিম নির্দেশনা অতি ক্ষুদ্র চর্বিযুক্ত আবরণে ঢেকে কোষে সাময়িকভাবে পাঠানো হয়, যাতে শরীরের রোগপ্রতিরোধব্যবস্থা লক্ষ্যবস্তুকে চিনে নিতে পারে।

মেলানোমা ত্বকের ক্যানসারের প্রাণঘাতী ধরনগুলোর একটি। ২০২২ সালে বিশ্বজুড়ে এ রোগে নতুন করে শনাক্ত হয় ৩ লাখ ৩০ হাজারের বেশি রোগী।

বানসেল বলেন, তারা পেমব্রোলিজুম্যাবসহ অন্যান্য ক্যানসার চিকিৎসার সঙ্গে এবং একক চিকিৎসা হিসেবেও বিভিন্ন ধরনের টিউমার ও রোগের পর্যায়ে ‘ইনটিসমেরান’ নিয়ে গবেষণা চালাচ্ছেন। এর মধ্যে ফুসফুস, মূত্রথলি ও কিডনির ক্যানসারও আছে।

এএম