ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দল গঠনে ব্যস্ত ঢাকা আবাহনী

অনুশীলন করছেন আবাহনীর ফুটবলাররা
অনুশীলন করছেন আবাহনীর ফুটবলাররা | ছবি: এখন টিভি
0

নতুন মৌসুম শুরুর আগমুহূর্তে ফুটবল কোচ নিয়োগ দিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেরিতে হলেও, ফুটবল মৌসুম শুরুর আগেই ডাগ-আউটের জন্য তারা উড়িয়ে আনছে স্প্যানিশ ট্যাকটিশিয়ান ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে। লিগের ট্রফি পুনরুদ্ধারে মাঠে বেশ প্রভাব রাখবে কোচের ব্যাপারে ক্লাবের সিদ্ধান্ত বলে মনে করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

ঘরোয়া ফুটবলের দলবদলে ঘোড়ার গাড়িতে চড়ে বাফুফে কাঁপানো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাথা খাটিয়ে দলবদলের বাজারে সেরা ফুটবলার নিয়ে শক্তিশালী দল গঠনে দেখিয়েছি মুন্সিয়ানা। পাশাপাশি ঐতিহ্যের সাদা কালো সমীকরণ এবার মেলানো হচ্ছে স্প্যানিশ ফুটবলের নিখুঁত কৌশলে। লক্ষ্য যখন রাজত্ব পুনরুদ্ধার, তখন আর কোনো কোনো রকম জোড়াতালি নয়। শন লেন, ডি ক্রইফদের মতো সেরা সেরা কোচদের সঙ্গে একই তালিকায় ছিলেন আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে মোহামেডানের ট্রফি জয়ের লড়াই জিততে শেষ পর্যন্ত দায়িত্ব তুলে দেয়া হলো উয়েফা প্রো লাইসেন্সধারী স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলার হাতেই।

৫৩ বছর বয়সী এই স্প্যানিশ ট্যাকটিশিয়ানের এশিয়ান ফুটবলের নাড়িনক্ষত্র বেশ ভালোই চেনা। কেরালা প্রিমিয়ার লিগে গোকুলাম কেরালাকে চ্যাম্পিয়ন করা কিংবা ভারতের আই লিগে চার্চিল ব্রাদার্সকে রানার্সআপ বানানোর মূল কারিগর ছিলেন তিনিই। এবার মোহামেডানও নিজেদের পুরনো রাজত্ব ফেরাতে ভরসা রাখছেন এই কোচের উপর। তবে তার আগে বাফুফের লিগ কমিটির নতুন মৌসুম শুরুর চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন মোহামেডানের ক্লাব কর্তৃপক্ষ।

মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেন, আমার মনে হয় না ২৫ তারিখে খেলা আরম্ভ হবে। আমি আজকেই কোচ নিয়োগ করলাম। ঠিক না? কবে আসবে আমি এখনো কনফার্ম না। আমরা ইনভাইট করবো, তারপর সে আসবে। তো আমার টিম এখনো প্র্যাকটিসে যায় নাই। দুই-একটা টিম বাদে কেউ প্র্যাকটিস করে নি।

মোহামেডানের টিম লিডার আমিরুল ইসলাম বাবু বলেন, আমরা প্র্যাকটিস শুরু করবো। আমরা প্র্যাকটিস মাঠও কনফার্ম করে ফেলেছি এবং আমরা যেহেতু আজকে কোচ কনফার্ম করেছি, উইদিন সেভেন ডেস আমরা সবকিছু স্টার্ট করে দেবো।

তবে কোচ নিয়োগ আরও আগে হলে দল গোছানোয় কার্যকর ভূমিকা রাখতে পারতেন বলে মনে করে সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ফার্স্টে কোচ রেডি করা উচিত ছিল, দেন টিম করা উচিত ছিল। এই জায়গাটুকুতে যদি আপনি চিন্তা করেন, ওইটা উল্টোটা করেছে। যেটা আসলে টিম রেডি করে দেন কোচ। কারণ বিদেশী কোচ আনবে, আসলে বিদেশী কোচ কারা কারা এভেলেবল আছে কিনা। আবার দেশি প্লেয়ারদের যদি কন্ট্র্যাক্ট না করেন, তাইলে আবার প্লেয়ারগুলি হাতছাড়া হচ্ছে না কি? সবকিছু মিলায়ে আসলে প্রবলেম সবদিকে।

এদিকে ফিফার নিষেধাজ্ঞা উঠায় নতুন করে ম্যানেজমেন্ট থেকে দল সবকিছু সাজাতে ব্যস্ত ঢাকা আবাহনী। ক্লাবের দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ রুপুকে সরিয়ে নতুন ম্যানেজার হয়েছেন ক্লাবের সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপন এবং প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারুফুল হক। নতুন উদ্যমে নতুন মৌসুম শুরু করে মাঠের ফুটবলে কতটা দাপট দেখাতে পারে দেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা।

ইএ