ট্রান্সফার মার্কেটে শেষ মুহূর্তের উত্তেজনা বাড়ছে। আলোচনায় ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, পিএসজির তরুণ প্রতিভা ইব্রাহিম এমবায়ে এবং স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও মার্টিনেজ।
শুরুটা ব্রুনো ফার্নান্দেজকে দিয়ে। পর্তুগিজ তারকার দিকে নজর গ্যালাতাসারে ক্লাবের। তুর্কি ক্লাবটি তাকে পেতে বড় অঙ্কের বেতন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান পরিষ্কার, কোনো প্রস্তাবই গ্রহণ করবে না তারা। এমনকি ফার্নান্দেজকে নতুন চুক্তিতে রাখার পরিকল্পনাও করছে রেড ডেভিলরা।
এদিকে লিভারপুলের নজর পিএসজির তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ের দিকে। ১৮ বছর বয়সী এই সেনেগালিজের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে অলরেডরা। এখন বাকি দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা। এমবায়ের জন্য প্রায় ৫০ মিলিয়ন ইউরো চাইছে পিএসজি।
আর ১৯ বছর বয়সী সার্জিও মার্টিনেজকে ঘিরে স্পেনের দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই চলছে। রেসিং সান্তান্দারের এ তরুণ মিডফিল্ডারকে নিজেদের যুব দলে নিতে আগ্রহী দুই ক্লাবই। এর আগে তাকে নিয়ে ভিয়ারিয়ালের আগ্রহের কথাও সামনে এসেছিল।
একদিকে ইউনাইটেডের অধিনায়ককে ধরে রাখার লড়াই, অন্যদিকে লিভারপুলের তরুণ তারকা শিকারের চেষ্টা আর স্পেনে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নজর এক প্রতিভাবান মিডফিল্ডারে। ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ে তাই জমে উঠেছে খেলা।





