গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। দীর্ঘ প্রায় ছয় বছর পর আলোচিত এ হত্যা মামলার রায় হওয়ায় ভোলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার নথি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোররাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের একপর্যায়ে টিটব ঘুমিয়ে পড়েন। এ সময় নুরনাহার দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়। হত্যার পর মরদেহের হাত-পা টুকরো করে একটি পাতিলে রাখা হয় বলে মামলার তদন্তে উঠে আসে।
পরদিন সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তাক্ত দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
তৎকালীন পুলিশ জানিয়েছিল, নিহত টিটব মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হতো। পারিবারিক কলহের জেরেই ক্ষিপ্ত হয়ে নুরনাহার হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নুরনাহার বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার আদালত নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।





