২০২৬-২৭ মৌসুমের লিগ শুরু হতে বাকি আর মাত্র ৬ দিন। অন্য সব দল যখন অনুশীলনের মাঠে ঘাম ঝরাচ্ছে, তখন বসুন্ধরা আর আবাহনী ব্যস্ত ফিফার দরবারে দৌড়ঝাঁপ করতে। নামের পাশে ফিফার নিষেধাজ্ঞা থাকায় দলবদলে এখন পর্যন্ত সক্রিয় হতেই পারেনি দেশি ফুটবল অন্যতম নামী এই দুই ক্লাব।
অবশ্য জুরিখ থেকে বাংলাদেশের এই দুই ক্লাবের জন্য কিছুটা স্বস্তিও এসেছে এরমাঝে। সবশেষ শনিবার বিকেলে ফিফার তালিকা অনুযায়ী, বসুন্ধরা কিংস ৪টি এবং আবাহনী ২টি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে। আগামী মৌসুমের জন্য যা কিছুটা আশা দেখাতেই পারে এই দুই ক্লাবকে। যদিও কিংসদের এখনো ১০ নিষেধাজ্ঞা আর আবাহনীর একটি নিষেধাজ্ঞা বহাল আছে।
এদিকে গত ১১ আগস্ট শেষ হয়েছিল আসন্ন মৌসুমের ক্লাব রেজিস্ট্রেশনের সময়সীমা। তারপর থেকে অবশ্য আবাহনী এবং কিংসের জন্য ব্যবস্থা খোলা রেখেছে বাফুফে। তবে, ঠিক কত তারিখ পর্যন্ত এই দুই ক্লাবের জন্য অপেক্ষা করবে ফুটবল ফেডারেশন, সেই উত্তরও নেই তাদের কাছে।
আগামী ২১ তারিখ চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের লিগ। তবে, আবাহনী ও কিংসের মধ্যকার ম্যাচের জন্য এখনো চিঠি দেয়নি বাফুফে। আবার বিশ্বস্ত এক সূত্র জানিয়েছে, ২৫ তারিখের ফেডারেশন কাপ এবং ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া লিগের সূচিও প্রকাশ করেনি বাফুফে। কিংস-আবাহনীর জন্য অপেক্ষায় থেকে তাই বাকি দলগুলোকেও অস্বস্তির মাঝেই রেখেছেন ফুটবল কর্তারা।





